করবো সমবায়, গড়বো দেশ—সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরের ঝিকরগাছায় ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
রবিবার (৮ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় দপ্তরের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সমবায় অফিসার মোহাম্মদ নুরোল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম সাইফুল্লাহ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সমবায়ের মাধ্যমে মানুষের আর্থ-সামাজিক উন্নয়ন সম্ভব। বিশেষ করে গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা, কর্মসংস্থান সৃষ্টি এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে সমবায়ের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এ জন্য সমবায় আন্দোলনকে আরও গতিশীল, কার্যকর ও জনমুখী করতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) শপথ বৈরাগী।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী সায়ফুল ইসলাম মোল্লা, সহকারী জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপজেলা প্রকৌশলী রাকিবুল ইসলাম রাকিব, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী জালাল আহমেদ, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহ্ আলম, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা শামসুর রহমান, উপজেলা সমবায় কার্যালয়ের সহকারী পরিদর্শক মো. আল-মামুন ও মো. শাহনেওয়াজসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উপজেলার বিভিন্ন সমবায় সমিতির প্রতিনিধি, সমবায়ী, সুধীজন ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা সভায় সমবায়ের গুরুত্ব, গ্রামীণ অর্থনীতির বিকাশ এবং সমবায়ভিত্তিক উদ্যোগের মাধ্যমে দেশের সামগ্রিক উন্নয়ন ত্বরান্বিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।